মেসিহীন ম্যাচে হিরো সুয়ারেজ, সেমিতে মায়ামি

0
152
ছবি সৌজন্যে : এক্স

লিওনেল মেসি চোটের কারণে মাঠে না নামলেও তার শূন্যতা দারুণভাবে পূরণ করেছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ান স্ট্রাইকারের জোড়া পেনাল্টি গোলে ইন্টার মায়ামি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

এর আগে মেসি আগস্টের শুরুতে হালকা পেশির ইনজুরিতে পড়েন। দু’ সপ্তাহ বিশ্রামের পর লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করলেও টাইগ্রেসের বিপক্ষে মেসিকে বিশ্রামে রাখেন কোচ হাভিয়ের মাসচেরানো।ম্যাচের ২০ মিনিটে জাভিয়ের আকুইনোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন।সেখান থেকেই মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তবে ৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস।শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান সুয়ারেজ।৮৭ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করেন তিনি। এর মাধ্যমে মায়ামিকে ২-১ গোলের জয় এনে দেন অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।ম্যাচে উত্তেজনার ঝড়ও বয়ে যায়। হাফটাইমে অতিরিক্ত সময় নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন মায়ামি কোচ মাসচেরানো।তিনি গ্যালারি থেকে দলের জয় উপভোগ করেন।

এই জয়ের ফলে ট্রফি পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।লিগস কাপে শুধু ট্রফি নয়, সঙ্গে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও। ফাইনালিস্ট দু’ দল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ী সরাসরি পরবর্তী আসরে খেলার সুযোগ পাবে।