
বাবা-মা’কে গুলি করে খুনের পর আত্মহত্যার চেষ্টা রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটেলিয়নের এসআই-র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই পুলিশকর্মীর বাবার নাম দেবব্রত চট্টোপাধ্যায় এবং মায়ের নাম শম্পা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইন্সপেক্টর জয়দেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বাবা-মাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঝাড়গ্রামের পুলিশ লাইন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেখানেই ভাড়া বাড়িতে বাবা-মাকে খুনের পর জয়দেব নিজের গলাতেও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পেয়ে বুধবার রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আসানসোলের বাসিন্দা জয়দেব কর্মসূত্রে ঝাড়গ্রাম পুলিশ লাইনের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বুধবার গভীর রাতে প্রতিবেশীরা জয়দেবের ঘর থেকে গুলির আওয়াজ শুনতে পান। এরপর তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শম্পা, দেবব্রত এবং জয়দেবের রক্তাক্ত দেহ উদ্ধার করে তাঁদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জয়দেবের বাবা-মাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, জয়দেব তাঁর বাবা-মাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। তবে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।
