
১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু শুক্ল- সহ চার মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ঘড়িতে ঠিক বেলা ৩টে ১ মিনিট। শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এসেছে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে পৃথিবীতে ফিরেছেন শুভাংশুরা।
আমেরিকার ক্যালিফর্নিয়া উপকূলে তখন অবশ্য রাত! নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। এই সময় যে কোনও মহাকাশযান তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হয়। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর পর একে একে খুলে যায় চারটি প্যারাশ্যুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ড্রাগন। প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত রয়েছে রিকভারি ভেহিকল। তৈরি রয়েছে স্পেসএক্সের একটি দল। তারা দ্রুত পৌঁছে গিয়েছে শুভাংশুদের ক্যাপসুলের কাছে।
ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয়েছে জাহাজে। এর কিছু ক্ষণ পর ক্যাপসুলের হ্যাচ খুলে গিয়েছে। ভিতর থেকে বার করে আনা হয়েছে চার নভশ্চরকে। সেখানে চলেছে বিবিধ মেডিক্যাল পরীক্ষা। পৃথিবীতে পা রাখার পর প্রায় এক সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে চার মহাকাশচারীকে, যাতে তাঁদের শরীর আবার মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে পারে।
