
রাকেশ শর্মার পর ফের মহাকাশে পা রাখতে চলেছেন আরও এক ভারতীয় শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার ওই গ্রুপ ক্যাপ্টেনকে গগনযান মিশনের জন্য সম্প্রতি প্রধান নভশ্চর হিসাবে নির্বাচিত করেছে ইসরো। চলতি বছরের মে মাসে নাসা লঞ্চ করতে চলেছে অ্যাক্সিওম মিশন ৪। সেই মিশনের পাইলট হিসাবে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু।
জানা গিয়েছে, সনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলেই এই মিশনের জন্যেও ভরসা রাখছে নাসা। একই মডেলের স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে চলতি বছরের মে মাসে অ্যাক্সিওম মিশন ৪ ক্রুয়ের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন তিনি।
১৪ দিনের ওই মিশনে প্রধান পাইলট হিসাবে যাবেন শুভাংশু। বায়ুসেনার আরেক কর্তা, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকষ্ণ নায়ার থাকবেন শুভাংশুর ব্যাকআপ মিশন পাইলট হিসাবে।
