
নতুন যুগের চকচকে চিত্রনাট্য, ভিএফএক্সের দাপট আর দক্ষিণী সিনেমার স্রোতের মাঝেও নব্বই দশকের সিনেমার প্রতি দর্শকদের আলাদা টান আজও অটুট। পুরনো সেই জনপ্রিয় ছবিগুলো টেলিভিশনের পর্দায় ফিরলে এখনও নস্ট্যালজিয়ায় ভাসেন সিনেপ্রেমীরা।
তাই সিক্যুয়ালের এই সময়ে যদি সেই ক্লাসিক ছবিগুলোর দ্বিতীয় কিস্তি আসে, তা নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক।১৯৯৯ সালে পরিচালক সুভাষ ঘাই নির্মিত ব্লকবাস্টার ছবি তাল মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল।অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর অভিনীত এই প্রেমকাহিনি এখনও বহু দর্শকের প্রিয় তালিকায় রয়েছে। আর সেই ছবির সিক্যুয়াল,তাল ২ নিয়েই এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ছবিটির নির্মাতা সুভাষ ঘাই প্রশ্ন তোলেন,আজকের সময়ে তাল ২ তৈরি করা সম্ভব কি না। এরপর থেকেই ফ্যান ফলোয়ারদের মধ্যে শুরু হয় আলোচনা।পরিচালকের কথায়, তালের গল্পে কোনও ভিলেন ছিল না, ছিল না যৌনতার বাড়াবাড়ি কিংবা হিংসা। এখনকার জেন জি দর্শক এই গল্প কতটা গ্রহণ করবে, সেটাই ভাবাচ্ছে। স্ক্রিপ্ট প্রায় তৈরি। তবে এখনই সঠিক সময় কি না, নিশ্চিত নই। নির্মাতা সুভাষ ঘাই আরো জানিয়েছেন, গত ১৫ বছর ধরে দর্শকরা তাকে নিয়মিত জিজ্ঞেস করছেন,কবে আবার তাল ফিরবে। এমনকি নতুন প্রজন্মও ছবিটির দ্বিতীয় কিস্তি দেখতে আগ্রহ দেখাচ্ছে।তিনি বলেছেন, তখন অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া দুজনেই নতুন ছিলেন। তাঁদের প্রেমের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। অন্যদিকে অনিল কাপুর ছিলেন অভিজ্ঞ অভিনেতা।
সঠিক চরিত্রে সঠিক শিল্পী নির্বাচনই ছবির বড় শক্তি। ভালো স্ক্রিপ্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্টিং।সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, তাল ২ নিয়ে ভাবনা অনেক দূর এগোলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে ২৭ বছর পর ফের বড় পর্দায় ফিরতে পারে নব্বই দশকের সেই আইকনিক প্রেমকাহিনি।
