
ছেলেকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিকে রমজান মাসে মদিনায় গিয়ে আটকে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি।
সেখানে আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনল চৌহান, অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। দুবাই বিমানবন্দরে ইরানের হামলার জেরে বন্ধ রয়েছে বিমান চলাচল। আতঙ্কে ছেলেকে নিয়ে হোটেলবন্দি রয়েছে শুভশ্রী। বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন ইউভানের স্কুলে ছুটি থাকায় দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। বিমানবন্দরে নামার কিছু পরেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে ছেলেকে নিয়ে নিরাপদেই হোটেলে রয়েছেন অভিনেত্রী। দুবাইয়ে তাদের কিছু বন্ধুবান্ধব রয়েছেন। তারাই দেখভাল করছেন। ৫ তারিখ ফেরার কথা থাকলেও এখনও অনিশ্চিত পুরো বিষয়টি। এদিকে মেয়ে ইয়ালিনিকে নিয়ে কলকাতায় রয়েছেন রাজ চক্রবর্তী।
অন্যদিকে ফেসবুক লাইভে ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম আটকে পড়ার কথা জানিয়েছেন। প্রথমবার রামজানের সময় মদিনায় গিয়েছেন। তিনদিন ধরে সেখানেই রয়েছেন তাঁরা। ফিরহাদকন্যা নিজে জানিয়েছেন তাঁরা নিরাপদেই রয়েছেন।








