
মুখ্যসচিব, ডিজির বিরুদ্ধে পদক্ষেপের দাবি থেকে জনবিন্যাস বদলের অভিযোগ। লোকভবনে নতুন রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে একের পর এক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের জনবিন্যাস বদলের অভিযোগ জানিয়েছেন তিনি।
একইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে সংবিধান এবং গণতন্ত্র বাঁচানোর আবেদন করেছেন। তাঁর দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি পীযূষ পাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন। তাঁর দাবি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির প্রোটোকল মানা হয় না। বৃহস্পতিবারই রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন আর এন রবি। শুক্রবার লোকভবনে গিয়ে তাঁর সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর লোকভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন বাংলার গণতন্ত্র এবং সামাজিক কাঠামো গুরুতর সঙ্কটের মুখে পড়েছে। সেই কারণেই নতুন রাজ্যপালের কাছে পরিস্থিতি তুলে ধরে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার আবেদন জানিয়েছেন তিনি। সংবিধানের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন রাজ্যে সংবিধানের ৪টি স্তম্ভই আঘাতের মুখে পড়েছে।
তাঁর অভিযোগ এই সরকার প্রশাসন, বিচারব্যবস্থা থেকে সংবাদমাধ্যম সব ক্ষেত্রেই চাপ তৈরি করছে। তাঁর দাবি ৫৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও বেড়া নেই এবং প্রতিদিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে। এর ফলে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন ঘটছে।
