
এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আলাদা কোনো অর্থ খরচ করতে হতো না। তবে শিগগিরই বদলে যেতে পারে সেই চিত্র।
জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মের ইউজারদের জন্য অর্থের বিনিময়ে বিশেষ সুবিধাসমৃদ্ধ সাবস্ক্রিপশন সার্ভিস চালুর পরিকল্পনা করেছে মেটা।বলা হচ্ছে ,বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক মডেল গড়ে তুলতেই ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস নামে তিনটি নতুন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।বর্তমানে কনটেন্ট নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কিছু সার্ভিসের ইউজারদের মধ্যে এসব সুবিধার পরীক্ষামূলক কার্যক্রম চলছে।মেটার তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ হবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৯৯ ডলার।নতুন সাবস্ক্রিপশন সার্ভিসগুলোতে ইউজাররা বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।এর মধ্যে রয়েছে প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজানোর সুযোগ, বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া, স্টোরির বিস্তারিত বিশ্লেষণ এবং বিভিন্ন এক্সক্লুসিভ সুবিধা।তবে মেটা জানিয়েছে, এসব প্লাস সার্ভিস তাদের মেটা ভেরিফায়েড সুবিধার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা এবং বিশেষ গ্রাহক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল।মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সাবস্ক্রিপশন প্ল্যানে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি মেটা ওয়ান নামে নতুন একটি ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানের বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিস একত্র করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের শুরুতেই সাবস্ক্রিপশনভিত্তিক সার্ভিসের ইঙ্গিত দিয়েছিল মেটা প্ল্যাটফর্ম।এরপর সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও বেশি নিয়ন্ত্রণ, ব্যক্তিগতকরণ এবং অতিরিক্ত সুবিধা চান,এমন ইউজারদের লক্ষ্য করেই নতুন সার্ভিসগুলো তৈরি করা হয়েছে।
