
ভোটব্যাঙ্কের স্বার্থেই বিএসএফ-কে আক্রমণ করছেন। অনুপ্রবেশ ইস্যুতে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্যের পুলিশ ও সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। পাঁচ পাতার চিঠির ছত্রে ছত্রে রয়েছে পুলিশ ও সরকারের সমালোচনা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগও তুলেছেন শুভেন্দু অধিকারী। ভোট ব্যাঙ্কের স্বার্থেই সীমান্তরক্ষী বাহিনীকে এমন আক্রমণ করছেন বলে মনে করিয়ে বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়লেও তাদের পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিপ্রেক্ষিতে শুভেন্দু খোলা চিঠিতে একাধিক বিষয় তুলে ধরেছেন। সেখানে যেমন আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রাস্তা ও বেষ্টনী নির্মাণ, রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফের সমন্বয়, সীমান্তের নিকটবর্তী মঞ্চলে গরুর বাজার-সহ মোট ৯টি বিষয় তুলে ধরেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সেনাদের নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা মেনে নেওয়া যায় না।
শুভেন্দু অধিকারী দেশের সীমান্ত রক্ষায় বিএসএফের ভূমিকার কথা স্মরণ করিয়ে লিখেছেন, আমাদের দেশে ১৮টি সীমান্ত, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই প্রথম বহু বছরে কোনও একজন মুখ্যমন্ত্রী কেবল ভোটব্যাঙ্কের স্বার্থে সেনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগই যে একেবারে মনগড়া এবং ভোটের রাজনীতির জন্য।








