হাত তুলেও গুরুত্ব পেলেন না সুদীপ 

0
154
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ডাক্তারের নিষেধাজ্ঞা, ইনফেকশনের কারণে প্রকাশ্যে বেরোনো যাবে না। সেকথা জানিয়েও লোকসভার দলনেতার পদ রাখতে পারলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের চেয়ারপার্শন মমতা  বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে প্রথমেই জানিয়ে দেওয়া হয় বেশ কিছুদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় অনিয়মিত এবং দলের কাজে সেভাবে অংশ নিতে পারছেন না।

আরেক বর্ষীয়ান নেতা সৌগত রায়’ও অসুস্থ। দিল্লিতে, সংসদে দলের পারফরম্যান্স-এ তিনি যে অখুশি তা ভার্চুয়াল বৈঠকের শুরুতেই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সুদীপ বন্দোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করা হয়। নেত্রীর এই ক্ষোভের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি আর চিফ হুইপ হিসাবে কাজ করতে আগ্রহী নন। কিন্তু তৃণমূল সূত্রে খবর, ভার্চুয়াল বৈঠকে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় হাত তুলে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু তাঁকে গুরুত্ত্ব দেওয়া হয়নি।

পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি এদিন সোমবার উপলক্ষ্যে মহা মৃত্যুঞ্জয়ের ব্রত করছিলেন, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা পুরোটা জানেন না। তবে, ডাক্তার তাঁকে বাইরে বেরোতে বারণ  করেছেন। তবে, অভিষেক দলনেতা হলে ভালোই হবে বলে মন্তব্য করেছেন নয়না।