
সর্বদল বৈঠকের ঠিক আগের সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেছেন তৃণমূল কংগ্রেসত্যাগী এনসিপিআই সাংসদ।
তিনি এনসিপিআইয়ের তরফে লোকসভার দলনেতাও। সংসদের বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী মোদি-সুদীপ বন্দ্যোপাধ্যায়-র এই সাক্ষাৎ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। এখনও লোকসভার স্পিকার ওম বিড়লা এনসিপিআই-কে আলাদা দলের স্বীকৃতি দেননি। শুধুমাত্র এনডিএ-র শরিক হিসেবে আসন্ন বাদল অধিবেশনে এনসিপিআইয়ের ২০ সাংসদকে বসার আলাদা জায়গা দেওয়া হয়েছে। তবে কি সেই স্বীকৃতি আদায়ে তৎপর হয়েই সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সূত্রের খবর, বাংলার ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে কেন্দ্রের শাসকদলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন দু’জনই। রবিবার সর্বদল বৈঠকে কেন্দ্রের শাসকদলের তরফে ডাক পেয়েছে এনসিপিআই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু , সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের নামে চিঠি পাঠিয়েছেন। তাতে তাঁদের দলবদলের বিষয়টিও উল্লেখ করেছেন। এরপর সন্ধ্যা নাগাদ সংসদীয় সচিব একটি তালিকা প্রকাশ করেছেন, যাতে কোন দলের কতজন সাংসদ অধিবেশনে অংশ নেবেন, তা উল্লেখ করা হয়েছে।
