
দুর্গাপুর এনআইটিতে ছাত্রছাত্রীদের সামনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাজির হয়েছিলেন আত্মনির্ভর ভারত গড়ার বিষয়ে পরামর্শ নিতে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এনআইটি পড়ুয়াদের সেই মতবিনিময় কিছু ক্ষণের জন্য গড়িয়ে যায় বাদানুবাদের দিকে।
দেশের নাগরিকদের মৌলিক অধিকার হনন নিয়ে প্রশ্ন তোলেন এক ছাত্র। মন্ত্রীর পাল্টা প্রশ্ন, সমাধান আপনার জানা রয়েছে কি? শুক্রবার এই ঘটনায় দৃশ্যতই অস্বস্তিতে পড়েন প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তারা। তবে মন্ত্রীকে প্রশ্ন করা পড়ুয়া সুনির্দিষ্ট ভাবে কোনও সমাধানের কথা বলতে না পারায়, বাদানুবাদ বেশি ক্ষণ স্থায়ী হয়নি। শুক্রবার আত্মনির্ভর ভারত শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পড়ুয়াদের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার জন্য তিনি মঞ্চ থেকে নেমে দর্শকাসনে হাজির হন। ভারতকে আত্মনির্ভর করে তুলতে কী কী করা প্রয়োজন, সে বিষয়ে তিনি ছাত্রছাত্রীদের মতামত নেওয়া শুরু করেন। পরিস্থিতি বদলে যায় রাজস্থান থেকে দুর্গাপুর এনআইটিতে পড়তে আসা আয়ুষ নামে এক ছাত্রের প্রশ্নে।
মন্ত্রী সুকান্তকে আয়ুষ প্রশ্ন করেন, দেশের নাগরিকদের যেখানে মৌলিক অধিকারগুলো পাওয়ার জন্যই লড়তে হয়, সেখানে আত্মনির্ভরতা কী ভাবে আসবে? এই প্রশ্ন শুনে মন্ত্রী সুকান্ত বলেছেন, সমাধান বলুন। সমাধান জানতে চাইছি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, তিনি মোটেও রেগে যাননি।
