
গত আট মাসের ব্যবধানে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। একটিতে পরিণতি মৃত্যু, অন্যটিতে নির্যাতিতা কোনও ক্রমে প্রাণে বেঁচেছেন। কোথায় প্রশাসন?
রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকার পর রবিবার সকালে ছাড়া পেয়ে এই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, অবৈধ ভাবে তাঁদের গ্রেফতার করা হয়েছিল শনিবার। ওই দিন বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছিল। তবে, রবিবার সকালেই ছাড়া হয়েছে সকলকে। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি এই অভিযোগও তুলেছেন যে, পুলিশ তাঁদের বার বার চাপ দিচ্ছিল বেল বন্ডে সই করার জন্য। কিন্তু তাঁরা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, তাঁরা এটা স্পষ্ট করে দিয়েছিল, কোনও ভাবেই বেল বন্ডে সই করবেন না। যদি পুলিশের সাহস থাকে তো আদালতে নিয়ে চলুক।কিন্তু রবিবার সকাল হতেই সুকান্তদের সকলকে ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে প্রশ্নও তুলেছেন সুকান্ত।
তাঁর মন্তব্য, যে পুলিশ বলপূর্বক গ্রেফতার করে এনেছিল, আশ্চর্যজনক ভাবে, তারাই আবার লকআপ ছেড়ে চলে যাওয়ার জন্য বলল! শুধু তা-ই নয়, কোনও রকম সই না করিয়েই মুক্তি দেওয়া হয়েছে। তা হলে কিসের ভিত্তিতে গ্রেফতার?
