
স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা-সভায় যোগ দিয়ে ভবিষ্যতে ভারতের শিক্ষায় এআই-র ব্যবহার তুলে ধরেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভার প্রধান বিষয় ছিল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং গুরুত্ব।
সেখানেই শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত এই আলোচনা-সভায় যোগদান করতে পেরে সম্মানিত। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। জানা গিয়েছে, বৈঠকে সুকান্ত মজুমদার মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় উথ্থাপন করেছেন।
প্রথমত, বহুভাষিক এবং সহজলভ্য শিক্ষা, দ্বিতীয়ত, শিক্ষায় আধুনিক প্রযুক্তির স্মার্ট সরঞ্জামের ব্যবহার, তৃতীয়ত, উচ্চশিক্ষায় উদ্ভাবন এবং চতুর্থত, ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ করে তোলা। একইসঙ্গে, বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির জন্য ভারত যে সবসময়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেবে, সেকথাও তিনি তুলে ধরেছেন।






