
ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে ৮৩৭ কোটির দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
শুক্রবার সেই মামলার আদালতে মামলাকারীর অভিযোগ রাজ্যের করা অডিটে দুর্নীতির সন্ধান পাওয়া গেলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে। এই মামলায় সবপক্ষকে হলফনামার নির্দেশ দিয়েছেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। পুজোর পরে ফের শুনানি হবে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরব হয়েছেন সুকান্ত মজুমদার।
তাঁর দাবি টেন্ডার ছাড়াই কাজ দেখিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ৮৩৭ কোটি টাকার দুর্নীতি হয়েছে, মানুষের টাকা নয়ছয় হয়েছে। ন্যায়বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এত বড় অঙ্কের দুর্নীতিকে কখনই অবজ্ঞা করা যায় না।








