
শিখ সম্প্রদায়ের শীর্ষ কমিটি অকাল তখতের নির্দেশ মেনে হুইলচেয়ারে বসেই অমৃতসর স্বর্ণমন্দিরের শৌচাগার পরিষ্কার করেছেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল।
মঙ্গলবার হুইলচেয়ারে বসা সুখবীর সিং বাদল শাস্তিবিধানের লেখা বোর্ড গলায় ঝুলিয়ে ঝাঁটা হাতে স্বর্ণমন্দিরে সাফাই করেছেন। তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা ও প্রাক্তন মন্ত্রী।এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সুখবীর সিং বাদলকে স্বর্ণমন্দিরের শৌচাগার পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছিল। তারপর স্নান করে লঙ্গরখানার কাজ এবং শেষে এঁটো বাসন মাজতে হয়েছে। প্রসঙ্গত, সুখবীর সিং বাদলের বিরুদ্ধে ২০১৫ সালে ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে অন্যায় সুবিধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সোমবার ঘোষণা করা হয়েছে। ২০১২-১৭ পাঞ্জাবে অকালি দল-বিজেপি ক্ষমতায় থাকাকালীন সুখবীর সিং বাদল ওই কাজ করেন বলে অভিযোগ।
সে সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর পিতা, প্রয়াত প্রকাশ সিং বাদল। অতীতে ধর্ম অবমাননার অপরাধে প্রকাশকেও শাস্তি দিয়েছিল অকাল তখ্ত।
