
দীর্ঘ নয় মাসের প্রতিক্ষার অবসান হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ মার্চের বদলে আগামী ১৬ মার্চ পৃথিবীতে ফিরতে চলেছেন মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। কীভাবে, কোন মহাকাশযানে চড়ে তাঁরা ফিরবেন, প্রকাশ্যে আনা হয়েছে সেই নীল-নকশাও। নাসার আইএসএস প্রোগ্রাম ম্যানেজার ডানা ওয়েইগেল বিষটি নিশ্চিত করেছেন।
গত ফেব্রুয়ারিতে সুনীতাদের ফেরানোর জন্য নির্ধারিত মহাকাশযান ক্রিউ-১০ এর উৎক্ষেপণের তারিখ জানিয়েছিল নাসা। জানানো হয়েছিল, ১২ মার্চ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে ওই মহাকাশযান। নাসার তরফে অ্যান ম্যাক্রেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ ক্রিউ-১০ এ ছড়ে মহাকাশে যাবেন।
তাঁদের গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে ওই মহাকাশযানে চড়েই পথিবীতে ফিরবেন সুনীতারা। সুনীতাদের ফেরাতে গত সেপ্টেম্বরে স্পেসএক্সের ক্রিউ-৯ মিশনে মহাকাশে পাড়ি দিয়েছেন নাসার আরও দুই মহাকাশচারী নিক হেগ এবং আলেকজান্ডার গবনভ। তাঁরাও ফিরে আসবেন পৃথিবীতে।
