
তিন দশক আগে ডর সিনেমাকে ঘিরে সানি দেওল ও শাহরুখ খানের সম্পর্কে তৈরি হয়েছিল শীতলতা। একে অপরের সঙ্গে আর কখনো সিনেমা করেননি দুজন।
এমনকী মুখ দেখাদেখিও বন্ধ ছিল দীর্ঘ সময়। তবে গতবছর সানির কণ্ঠে শোনা গিয়েছে নরম সুর।শাহরুখ খানকে দেখা গিয়েছে সানির পার্টিতেও। দুই তারকার দ্বন্দ্বের যে অবসান ঘটেছে তা বলাই বাহুল্য। তবে কি একসঙ্গে ফের পর্দায় দেখা যাবে ডর জুটিকে? ফ্যান ফলোয়ারদের এমন প্রশ্নের উত্তর এবার পাওয়া গিয়েছে এবার সানির কণ্ঠে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান প্রসঙ্গে কথা বলেছেন সানি দেওল।জানিয়েছেন, শাহরুখের সঙ্গে কাজ করতে চান তিনি। সাক্ষাৎকারে সানি দেওল বলেছেন, শাহরুখের সঙ্গে একটাই ছবি করেছেন। তাই আরও একটা ছবিতে তার বিপরীতে কাজ করতে চান। এটা সুন্দর হবে।কারণ তখন ছিল এক জামানা,এখন ভিন্ন। সুতরাং, অবশ্যই করতে চান।অন্যদিকে, এখন নির্মাণে অনেক পরিবর্তন এসেছে জানিয়ে সানি দেওল বলেছেন, আগে, পরিচালকদের ওপর নিয়ন্ত্রণ ছিল। এখন পরিচালকদের ওপর তেমন নিয়ন্ত্রণ নেই।গল্পগুলোও সেভাবে তৈরি হচ্ছে না। যেখানে প্রত্যেক অভিনেতাকে সমান গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুক্তি পায় বলিউড সিনেমা,ডর।যার নায়ক হয়েছিলেন সানি দেওল আর খল চরিত্রে ছিলেন শাহরুখ।যশ চোপড়া পরিচালিত ডর হল সেই হিন্দি সিনেমা,যেখানে নায়কের চেয়ে খলনায়ক বেশি সমাদৃত হন।ওই সিনেমা করে অভিনয় খ্যাতি ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণ অভিনেতা শাহরুখের।যেখানে নায়কের প্রশংসা পাওয়ার কথা, সেখানে প্রশংসিত হন খলনায়ক।বিষয়টি মেনে নিতে পারেননি সে সময়ের প্রতিষ্ঠিত অভিনেতা সানি দেওল।এ নিয়ে শুরু হয় মন কষাকষি।এর পরে আর কোনো সিনেমায় তারা একসঙ্গে কাজ করেননি।
বিষয়টি নিয়ে সানি দেওল বা শাহরুখ মুখও খোলেননি। তবে দীর্ঘ তিন দশক পর সাম্প্রতিক সময়ে দুজনের মাঝে বন্ধুত্ব স্বাভাবিক হতে দেখা যায়।









