
দেশের সংরক্ষণ ব্যবস্থার সঙ্গে ট্রেনের কামরার তুলনা টেনেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সংরক্ষণ সংক্রান্ত এক মামলার শুনানিতে শীর্ষ আদালত মৌখিক ভাবে এই তুলনা টানে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেছেন, বিষয়টি হল, এ দেশে সংরক্ষণ ব্যবস্থাটি ট্রেনের মতো হয়ে গিয়েছে।
যাঁরা এক বার কামরায় উঠে যান, তাঁরা আর অন্য কাউকে উঠতে দিতে চান না। মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে অন্য অনগ্রসর শ্রেণি -ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি কান্ত এবং বিচারপতি এনকে সিং-র বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাকারী পক্ষের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণের বক্তব্য, মহারাষ্ট্রের বান্তিয়া কমিশন স্থানীয় নির্বাচনের জন্য ওবিসি সংরক্ষণের কথা বলার সময় তারা রাজনৈতিক ভাবেও অনগ্রসর শ্রেণি কি না, তা নিশ্চিত করেনি।
মামলাকারীর বক্তব্য, রাজনৈতিক ভাবে অনগ্রসরকে সামাজিক বা শিক্ষাগত দিক থেকে অনগ্রসরের সঙ্গে মিলিয়ে ফেলা যায় না। ওবিসি মানেই তিনি রাজনৈতিক ভাবেও অনগ্রসর, এমন বলা যায় না বলে দাবি মামলাকারীর আইনজীবীর।
