
সব রাজ্যের সমস্ত স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে। প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই নির্দেশ দিয়ে ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের চোখে একটি মৌলিক অধিকার বলে শুক্রবার এক ঐতিহাসিক রায়ে জানাল সুপ্রিম কোর্ট।
দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে— সরকারি ও বেসরকারি সব স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড দিতে হবে। বিচারপতি জে বি পারদিওয়ালা ও আর মহাদেবনের বেঞ্চ আরও জানায়, সব স্কুলে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা শৌচাগার থাকতে হবে। পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী শৌচালয়ের ব্যবস্থাও করতে হবে। স্কুল সরকারি হোক বা বেসরকারি, তাতে কোনও তফাত হবে না।
আদালত স্পষ্ট করে বলেছে, সংবিধানের ২১ নম্বর ধারায় জীবনের অধিকার মানেই ঋতুকালীন স্বাস্থ্যের অধিকারও। যদি কোনও বেসরকারি স্কুল এই নির্দেশ মানতে না চায়, তাহলে তাদের স্বীকৃতি বাতিল পর্যন্ত করা হতে পারে।
