পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন, নারাজ সুপ্রিম কোর্ট 

0
373
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হিংসার ঘটনা হয়েছে,এই নিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা কার্যত টিকলো না।আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের করা মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে শুনানির জন্য ওঠে। তখনই বিচারপতি মন্তব্য করেছেন যে, এমনিতেই তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে নির্দেশ দেবেন না। প্রসঙ্গত, পরের মাসেই দেশের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি বিআর গবই।

তাঁর এই মন্তব্য যে বিজেপি নেতাদের একাংশের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, তা এক প্রকার স্পষ্ট।সম্প্রতি তামিলনাড়ুর রাজ্যপালকে সাংবিধানিক বিধি স্মরণ করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কোনও রাজ্যের বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল অনির্দিষ্ট কালের জন্য রাজ্যপাল আটকে রাখতে পারেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের মন্তব্য,এটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, কোনও সাংবিধানিক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও কাজ না করলে আদালত সেখানে হস্তক্ষেপে বিরত থাকবে না।অন্যদিকে,সুপ্রিম কোর্টের সাম্প্রতিক দু’টি পর্যবেক্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে।

তাঁদের দাবি, রাজ্যপাল, রাষ্ট্রপতিকে বিধি স্মরণ করিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনিক ক্ষেত্রে নাক গলাচ্ছে। সোমবার একটি মামলার শুনানিতে এই নিয়েই সুপ্রিম কোর্ট প্রতিক্রিয়া জানাল বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একাংশে হিংসার ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গবইয়ের মন্তব্য, আপনারা কি চান যে এই আবেদন কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই? এমনিতেই আমাদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার অভিযোগ উঠছে। দয়া করুন।