
পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমেরারি তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল।
রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল। সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়েগের ক্ষেত্রে প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর।
তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। এমনকি প্রয়োজনে সেই সিদ্ধান্তে যুক্ত মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই-এমন নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত। এবারে সেই নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
