
একটি মামলার রায়ে ক্ষমতা বেড়েছে, আবার অন্য মামলার রায়ে ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে ভিন্ন ভিন্ন মামলায় রায়ে ডোনাল্ড ট্রাম্পের স্বস্তি-অস্বস্তি দুই ছবি দেখা গিয়েছে মার্কিন সুপ্রিম কোর্টে।
যৌন নির্যাতন এবং মানহানির দু’টি মামলায় জোড়া ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ভিন্ন এক মামলায় মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা বাড়িয়ে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, আমেরিকার ফেডারেল সংস্থাগুলির প্রধানের পদে আসীন কর্তাকে অপসারণ করতে পারবেন সে দেশের প্রেসিডেন্ট। তবে আদালত কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রেখেছে। অন্যদিকে, একই দিনে এক পত্রিকার কলম লেখক ই জিন ক্যারলের দায়ের করা জোড়া মামলায় ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যারল ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন।
২০২২ সালে আবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানহানির অভিযোগ তুলে মামলা করেছিলেন তিনি। দ্বিতীয় মামলাটি আগে বিচারের জন্য উঠেছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেয়। অন্য এক আদালতে ওঠে ক্যারলের ২০১৯ সালের দায়ের করা মামলাটি। সেই মামলাতেও ধাক্কা খান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেয় জুরি। সেই মামলায় ৮৩ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে। সুদ-সহ সব মিলিয়ে ক্যারলকে এক কোটি ৩৩ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে।
