
‘ইলেক্টোরাল বন্ড’ নিয়ে কেন্দ্রীয় সরকার ও দেশের নির্বাচন কমিশনের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলায় মামলাকারীর আবেদন শোনার পর ডিভিশন বেঞ্চ এমনটাই রায় দিয়েছে।
পাশাপাশি, চার সপ্তাহ পর থেকে এই মামলার শুনানি শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। সম্প্রতি আয়কর আইনের ১৩ ক (ঘ) ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন খেম সিং ভাটি নামে এক ব্যক্তি। এই আয়কর আইন রাজনৈতিক দলগুলিকে অনুদানের ক্ষেত্রে একটি বিশেষ ক্ষমতা দিয়ে থাকে তা হল, সর্বাধিক ২ হাজার টাকা, তাও নগদে প্রাপ্য অনুদানের ভিত্তিতে রাজনৈতিক দলগুলিকে কোনও রকম আয়কর দিতে হবে না।
রাজনৈতিক দলগুলির কাছে নগদে কত টাকা ঢুকছে, কারা দিচ্ছেন, তার সমস্ত নথি বিবরণ জনসমক্ষে আনতে হবে নচেৎ একজন ভোটারের স্বার্থ আঘাতপ্রাপ্ত হচ্ছে ও মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে এই মর্মে জনস্বার্থ মামলা করা হয় শীর্ষ আদালতে।





