রাম মন্দির চুরি বিতর্কে কেন্দ্রকে সুপ্রিম নোটিস

0
15
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

অযোধ্যা রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় দেশজুড়ে শোরগোলের মাঝেই বিশেষ তদন্তকারী দলের কাছে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ জারি করেছে কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে।

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। গঠিত হয়েছে সিট। এই পরিস্থিতিতে শীর্ষ আদালত জানিয়েছে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা একাধিক আবেদনের শুনানি আগামী সপ্তাহে করা হবে। সেই সঙ্গেই নোটিস পাঠানো হয়েছে কেন্দ্র, যোগী সরকার ও ট্রাস্টের বিরুদ্ধে। এছাড়া বেঞ্চ সিটের তদন্তের অগ্রগতি এবং তদন্তকারী দলের গঠন সংক্রান্ত বিস্তারিত তথ্য-সহ একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।এদিকে প্রশ্ন উঠছে, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় কি রাঘব বোয়ালদের আড়াল করা হল? কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলির দাবি ছিল, চুরির ঘটনায় অনেক বড় নাম জড়িয়ে রয়েছে।

সেই রাঘব বোয়ালদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। যদিও নির্দিষ্ট কারও নাম করা হয়নি। আবার দীর্ঘ নীরবতা ভেঙে রামভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাই লিখেছেন,তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। এখন মুখ বন্ধ রাখছেন। প্রসঙ্গত, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷