
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব এবার প্রকাশ্যে আসবে। খবর, শীর্ষ আদালতের সব বিচারপতি নিজেদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনতে সম্মত হয়েছেন। খবর অনুসারে, স্বচ্ছতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও জোরদার করতেই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর আগে ১ এপ্রিল শীর্ষ আদালতে ফুল-কোর্ট অর্থাৎ সব বিচারপতির উপস্থিতিতে বৈঠক হয়। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শীর্ষ আদালতের বিচারপতির সম্পত্তির হিসাব আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দেওয়ার নিয়ম ছিল। খবর, ওই বৈঠকে নিজেদের সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা যাবে, এই মর্মে একটি ঘোষণাপত্রও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতিরা।ঘটনাচক্রে, সম্প্রতি দিল্লি হাই কোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে নগদকাণ্ড ঘিরে বিতর্ক তৈরি হয়। বিতর্কের আবহে তাঁকে ইলাহাবাদ হাই কোর্টে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তা নিয়ে ইলাহাবাদ হাই কোর্টের আইনজীবীদের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছিল।
নগদকাণ্ড ঘিরে বিতর্কের আবহেই এ বার বিচার ব্যবস্থার প্রতি জনতার ভরসা বজায় রাখতে পদক্ষেপ করছে সুপ্রিম কোর্ট। খবর অনুসারে, সুপ্রিম কোর্টের সব বিচারপতি ইতিমধ্যে নিজেদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। তবে সেটি এখনও প্রকাশ্যে আসেনি।ওই সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনার নির্দিষ্ট পদ্ধতি যথাসময়ে চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।
