
রাজধানীতে সারাবছর বাজি ফাটানো উপর নিষেধাজ্ঞা জারির জন্য দিল্লি সরকারকে বিবেচনা করতে বলেছে সুপ্রিম কোর্ট। দিল্লির দূষণ মামলায় বাজি ফাটানো বন্ধ করাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট শীর্ষ আদালত।
সোমবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। শীর্ষ আদালত জানিয়েছে, দূষণমুক্ত পরিবেশে বাঁচার অধিকার সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক মানুষের মৌলিক অধিকারের অন্তর্গত। কোনও ধর্মই এমন কোনও কাজের কথা বলে না, যাতে দূষণ ছড়ায়। এইভাবে বাজি ফাটতে থাকলে সেই মৌলিক অধিকারের উপর প্রভাব পড়বে।বাজি ফাটানোর উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার বিষয়টিও দিল্লির সরকারকে বিবেচনা করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ২৫ নভেম্বরের মধ্যে এই বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছে আদালত। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেছেন, কেন শুধুমাত্র অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্তই বাজি তৈরি, কেনাবেচা এবং ফাটানোর উপর এই কড়াকড়ি। সারা বছর কেন কড়াকড়ি নেই। দূষণ তো সারা বছর ধরেই বৃদ্ধি পাচ্ছে।
এরপরেই অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন, উৎসবের মরশুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও তাতে বিশেষ সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত।
ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট
