সব রাস্তায় ফুটপাত তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ফুটপাত শুধুমাত্র রাস্তার অংশ নয়, এটি পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত একটি মৌলিক নাগরিক পরিকাঠামো। সেই কারণেই ফুটপাত ব্যবহার করে নিরাপদে হাঁটার অধিকারকে এবার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, যদি কোনও নাগরিকের এই অধিকার লঙ্ঘিত হয়, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণও দাবি করতে পারবেন। উল্লেখ্য হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন রাজ্যে যখন বিতর্ক চলছে, ঠিক সেই সময় এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইন মহল। একটি দুর্ঘটনা-সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে।

আদালত জানায়, ভারতীয় সংবিধানের ১৯(১)(ডি) ধারায় নাগরিকদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি সংবিধানের ২১ নম্বর ধারা জীবন ও জীবিকার অধিকার নিশ্চিত করে। এই দুই ধারার ভিত্তিতেই পথচারীদের নিরাপদে ফুটপাত ব্যবহার করার অধিকারকে মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে।রায়ে আদালত জানিয়েছে, শুধু রাস্তা নির্মাণ করলেই দায়িত্ব শেষ নয়। প্রতিটি শহর ও নগর এলাকায় পথচারীদের জন্য উপযুক্ত ফুটপাত তৈরি করা এবং তা চলাচলের উপযোগী রাখা স্থানীয় প্রশাসন ও পুরসভার দায়িত্ব। ফুটপাত এমনভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে সাধারণ মানুষ বাধাহীনভাবে চলাচল করতে পারেন।