বিহারে ভোটার লিস্ট সংশোধনীর সময় নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের 

0
157
ছবি সৌজন্যে : এক্স
বিহার বিধানসভা নির্বাচনের আগে নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন যুক্তিহীন নয়। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালত বলছে, ভারতের নির্বাচন কমিশন বিহারে যে প্রক্রিয়া শুরু করেছে, তার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। তবে, ভোটের আগে এই সময়েই পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়াটাই প্রধান উদ্বেগের বিষয়।
বিচারপতি শুভাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলাগুলির শুনানি চলছে। এ দিন তারা বলেছেন, নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে কারা ভোটার তালিকায় নেই, তা যাচাই করায় কোনও ভুল নেই। কিন্তু নির্বাচনের কয়েক মাস আগেই কেন এই তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হল? আপনাদের পদ্ধতি নিয়ে সমস্যা নয়, সময় নিয়ে সমস্যা। বিচারপতি ধুলিয়া আরও বলেছেন, এই প্রক্রিয়া নিয়ে সমস্যা নেই, শুধুমাত্র যে ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে নির্বাচনের আগে, তিনি নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সময় পাবেন না।
নির্বাচনী তালিকা চূড়ান্ত হয়ে গেলে আদালত তা আর স্পর্শ করবে না, অর্থাৎ কোনও ব্যক্তির নাম বাদ পড়লে তিনি নির্বাচনের আগে তা চ্যালেঞ্জ করতে পারবেন না। শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। গণতন্ত্রের একদম মূলে এই বিষয়, আবেদনকারীরা শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষমতাকেই চ্যালেঞ্জ করছে না, এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছে।