
দিল্লি পুলিশের কর্তব্য গাফিলতির জন্যই কলকাতার ভিক্টোরিয়া বসু নিজের সন্তানকে নিয়ে রাশিয়া চলে গিয়েছেন। কর্তব্যের গাফিলতির অভিযোগে দিল্লি পুলিশকে তুলোধোনা করেছে সুপ্রিম কোর্ট।
ভিক্টোরিয়া বসুর মামলায় দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রকের তরফে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তা দেখে কার্যত ক্ষুব্ধ বিচারপতিদের বেঞ্চ। গত জুলাই মাসেই আদালতকে কেন্দ্র জানায়, বিহার, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি হয়ে ছেলেকে নিয়ে রাশিয়া চলে গিয়েছেন চন্দনগরের বাসিন্দা সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়া। যদিও বিমান পরিবহণ সংস্থা কোনও তথ্য দেয়নি, তবে ভিক্টোরিয়ার ইমেলের আইপি অ্যাড্রেসের লোকেশন দেখেই এই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। সোমবার সেই মামলা ওঠে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে।
দুই বিচারপতি বলেন, শিশুটির কাস্টডি কীভাবে আদালতের কাছে ফিরিয়ে দেওয়া যায়, তা নিশ্চিত করতে পথ খুঁজে বের করতে হবে দিল্লি পুলিশ এবং বিদেশ মন্ত্রককে। শিশুর অপহরণের পিছনে দিল্লি পুলিশও সমানভাবে দায়ী। তাঁরা কর্তব্য পালন করেননি বলেই শিশুটিকে অপহরণ করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছে আদালত।









