মণিপুরে নষ্ট হওয়া সম্পত্তির হিসাব চাইল কোর্ট

0
155
ছবি সৌজন্যে : এক্স

অশান্ত মণিপুরে গোষ্ঠীহিংসায় নষ্ট হওয়া সম্পত্তির হিসাব চেয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার মণিপুর সরকারের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

মণিপুরে বিগত এক বছরে পুড়ে যাওয়া কিংবা দখলকৃত জমি-বাড়ি ও সরকারি সম্পত্তির হিসাব আগামী বছরের শুরুতেই রাজ্যকে মুখবন্ধ খামে জমা দিতে হবে।পাশাপাশি ওই সব ঘটনায় দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ২০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।অন্যদিকে, মণিপুরের তিন জেলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে মণিপুরের কাংপোকপি জেলার লোইচিং রিজ অঞ্চলে যৌথ অভিযান চালায় সেনা, অসম রাইফেলস ও মণিপুর পুলিশ। উদ্ধার হয় এম৭৯ গ্রেনেড লঞ্চার, স্নাইপার, একটি সিঙ্গল ব্যারেল বন্দুক ও দু’টি ৯ মিলিমিটার পিস্তল-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। গত বছরের মে মাস থেকেই মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন আরও বহু মানুষ।

সেপ্টেম্বরে পর পর দু’টি ড্রোন হামলাকে কেন্দ্র করে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরে।গত মাসেও জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।