
রাজ্য পুলিশের ডিজি তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার বনাম সিবিআই মামলায় শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
সোমবার ৬ বছর আগেকার একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের এই বিলম্বিত মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি বিআর গাভাই। সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের হয়ে সওয়াল করেছেন আইনজীবী বিশ্বজিৎ দে। তাঁর অভিযোগ, ৬ বছর আগেকার এই মামলা, অথচ একদিনের জন্যও তাঁর মক্কেলকে ডেকে পাঠিয়ে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। উলটে রাজীব কুমার নিজে একাধিকবার তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন।
আইনজীবীর দাবি, আসলে সিবিআইয়ের এই ভূমিকা তাঁর মক্কেলের সম্মানহানির চেষ্টা। এসব শুনেই প্রধান বিচারপতি বিস্মিত হয়ে প্রশ্ন করেন, ৬ বছর ধরে কী করছিলেন? সিবিআইয়ের হয়ে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
