
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনতে শুরু করেছে শীর্ষ আদালত। ইতিমধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং হবু প্রধান বিচারপতি বিআর গাভাই-সহ ২১ জন বিচারপতির সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ওই ২১ জন বিচারপতির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমান প্রধান বিচারপতি খান্নার একটি মারুতি সুইফ্ট গাড়ি রয়েছে। স্থায়ী আমানত-সহ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর রয়েছে প্রায় ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার এবং জিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৮৯ হাজার টাকা রয়েছে তাঁর।
এ ছাড়া দিল্লিতে একটি তিন বেড রুমের এবং একটি চার বেড রুমের ফ্ল্যাট রয়েছে প্রধান বিচারপতি খান্নার। বিচারপতি গাভাই-র মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক বাড়ি রয়েছে। উত্তরাধিকার সূত্রে সেটি পেয়েছেন তিনি। এ ছাড়া মুম্বইয়ের বান্দ্রায় এবং নয়াদিল্লিতেও তাঁর ফ্ল্যাট রয়েছে। মহারাষ্ট্রের অমরাবতী এবং নাগপুর মিলিয়ে তিনটি চাষের জমিও রয়েছে তাঁর।
