
নতুন ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার সুপ্রিম কোর্টে প্রথম শুনানি আগামী ১৬ এপ্রিল হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা শুনবে। নতুন ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলাগুলির মূল বক্তব্য, নতুন ওয়াকফ আইন সংবিধান বিরোধী।
আইনে সংখ্যালঘুর ধর্মীয় পরিসরে সরকারের হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে। সংসদের দুই কক্ষে আইনটি পাশ হওয়ার পর গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইনে সম্মতি দেন। গত মঙ্গলবার ভারত সরকার বিজ্ঞপ্তি জারি করে আইনটি দেশে বলবৎ করেছে।
আইনটির বিরুদ্ধে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এআইএমআইএম ইত্যাদি পার্টি সুপ্রিম কোর্টে মামলা করেছে। আদালতের দ্বারস্থ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জামায়েতে উলেমায় হিন্দ।
