আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা

0
148
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনে এখন আইন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা।

আগামী ১৬ এপ্রিল মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই সুপ্রিম দরবারে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মতামত না শুনেই যেন কোনও রায় না দেয় শীর্ষ আদালত, এই আপিল করা হয়েছে। উল্লেখ্য,ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড,এআইএমপিএলবি। ইতিমধ্যেই নতুন ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলি শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।সেই তালিকাতেই স্থান পেতে পারে এআইএমপিএলবির আর্জিটিও।প্রসঙ্গত, মুসলিম সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন,মিম-এর প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ এবং আম আদমি পার্টি-র বিধায়ক আমানতুল্লাহ খান-সহ অন্যদের ওয়াকফ আইনের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনগুলির জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করার বিষয়ে আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে।

প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাতে সম্মতিও দিয়েছে।এআইএমপিএলবির মুখপাত্র এসকিউআর ইলিয়াস বলেছেন, স্বেচ্ছাচারী, বৈষম্যমূলক, নেতিবাচক আইন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ২৫ এবং ২৬ ধারার পরিপন্থী।