
ভোটের মরশুমে ঢালাও উপহার ঘোষণা বা প্রতিশ্রুতি দেওয়ার নিয়ন্ত্রিত করতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে এই ধরনের উপহারকে ঘুষ হিসাবেই গণ্য করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
বেঙ্গালুরুর বাসিন্দা শশাঙ্ক এস শ্রীধরের দায়ের করা মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানিয়েছে, কোনও রাজনৈতিক দলই যাতে নির্বাচন এবং প্রাক নির্বাচন পর্বে নানাবিধ উপহার বা বিনামূল্যে বস্তু বা পরিষেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে না পারে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। রাজনৈতিক দলগুলোর এই বিনামূল্যের দ্রব্য বণ্টনের প্রবণতা আদতে ভোটের আগে ঘুষ দেওয়া ছাড়া কিছুই নয়। উল্লেখ্য, শশাঙ্ক এস শ্রীধরের মামলাটি ছাড়াও আগে বিভিন্ন সময়ে এই প্রবণতা নিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল। তারই মধ্যে এক মামলাকারী অবিলম্বে এর শুনানির আর্জি জানিয়েছেন।
শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের উচিত এই প্রবণতা আটকাতে কী পদক্ষেপ করা যায় তা নির্ধারণ করা। এমনকী কেন্দ্রেরও বিষয়টি বিবেচনা করা উচিত।








