পুলিশ হেফাজতে স্বরূপ, সুরুচি সংঘে জনরোষ

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব

১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে স্বরূপ বিশ্বাসকে। নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। শুক্রবার আলিপুর আদালতে তোলার সময় বিক্ষোভ দেখায় বিজেপির আইনজীবী সেল। তাঁর সঙ্গে যাতে সাধারণ কয়েদিদের মতই আচরণ করা হয় সেই দাবি তোলেন আইনজীবীরা।

ক’দিন আগেও যার কথাই ছিল টলিপাড়ার শেষকথা। সেই স্বরূপ বিশ্বাসকে বৃহস্পতিবার রাতেই তোলাবাজি, মহিলার সঙ্গে অশালীন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানি, হুমকি, তোলাবাজি, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এদিকে জনরোষ আছড়ে পড়েছে সুরুচি সংঘে। ক্লাবের তালা ভেঙে তাণ্ডব চালায় স্থানীয়রা। এই ক্লাবে অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরই নিউ আলিপুর থানার সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। চোর চোর স্লোগান ওঠে। ছোড়া হয় ডিম। ভেঙে দেওয়া হয় গাড়ি। থানা থেকে বের করে প্রাক্তন মন্ত্রীর ভাইকে মেডিক্যাল চেকআপ করাতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক ব্যক্তি পুষ্পস্তবক নিয়ে আসেন নিউ আলিপুর থানার ওসিকে দেবেন বলে। যদিও স্থানীয় মানুষজনের দাবি ওই ব্যক্তি স্বরূপ বিশ্বাসের সঙ্গেই থাকতেন। এরপরেই বিজেপি কর্মীরা ওই ব্যক্তির ওপর চড়াও হন।

আর এর ফলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য।