
এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে দু’ দেশের ক্রিকেট-রাজনীতি। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
পাকিস্তান ক্রিকেট বোর্ড,পিসিবি অভিযোগ জানালে সেটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি।১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর সূর্যকুমার ম্যাচটি ভারতের সেনাদের উদ্দেশ্যে উৎসর্গ করেন, সেই সঙ্গে উল্লেখ করেন পেহেলগাম হামলার প্রসঙ্গ।এরপর সংবাদ সম্মেলনে জানান, বিসিসিআই এবং ভারত সরকারের পরামর্শে তিনি পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি।এই মন্তব্যকে কেন্দ্র করে পিসিবি আইসিসির কাছে অভিযোগ জানায়। তাদের দাবি, সূর্যকুমারের বক্তব্য ক্রিকেটে সরাসরি রাজনীতি টেনে এনেছে, যা আইসিসির আচরণবিধির পরিপন্থী। পিসিবির চিঠিতে বলা হয়েছে, এমন মন্তব্য শুধু পাকিস্তানবিরোধী নয়, বরং এটি ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের মতো গুরুতর অপরাধ। তারা ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে।বিষয়টিকে একতরফা না দেখিয়ে পাল্টা অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড,বিসিসিআই। তারা পাকিস্তানের দুই খেলোয়াড়,হারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে উস্কানিমূলক উদযাপন এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছে।
উল্লেখ্য,এর আগেও আইসিসি খেলোয়াড়দের মাঠে বা মিডিয়ায় রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছিল। ফ্রি গাজা বা, ফ্রিডম ইজ হিউম্যান রাইট ধরনের বার্তা প্রকাশ করাকেও আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
