
টানা ২৪ ঘন্ট তল্লাশির পর সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আততায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে আততায়ীর সন্ধানে লাগাতার চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বই পুলিশ।
শেষ পর্যন্ত শুক্রবার বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তাঁর খোঁজ পায় পুলিশ। সেই সময় সন্দেহভাজন আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিলেন বলে জানা গিয়েছিল। তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এরপরেই আটক করা হয় তাঁকে।ইতিমধ্যেই বান্দ্রা থানায় আনা হয়েছে সন্দেহভাজন আততায়ীকে।ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।তবে আটক হওয়া এই ব্যক্তিই বুধবার মধ্যরাতে অতর্কিতে অভিনেতার বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা করেছিল কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত মুম্বই পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।সূত্রের খবর, শুক্রবার সকালে বান্দ্রা স্টেশন ব্রিজে উঠতে দেখা গিয়েছিল ওই সন্দেহভাজন আততায়ীকে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই আততায়ীর ছবি। পুলিশের অনুমান, সে লোকাল ট্রেনে চেপে ভাসাই এলাকায় পালানোর চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল।তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সইফ আলি খানের বাড়ির অন্দরে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। ছ’তলার সিঁড়িতে দেখা গিয়েছিল সন্দেহভাজন আততায়ীকে। সম্ভবত ফায়ার শ্যাফ্ট দিয়ে নেমে পিছনের দরজা দিয়ে চম্পট দিয়েছিল সে।
এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।পুলিশ ইতিমধ্যেই ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি, তথ্যদাতাদের দেওয়া তথ্য অনুসরণ করে অভিযুক্তদের খুঁজে বার করা চেষ্টা করছে।
