
দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিংয়ে পৌঁছেছিল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহেমদ মুন্সি। এরপর নদী পথ হয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল জাভেদ, এমনই খবর বেঙ্গল এসটিএফ সূত্রে।
বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, জাভেদের পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নদীপথে পালানোর। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। ৫৮ বছরের এই জঙ্গি তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ধৃত জঙ্গির পাক যোগও মিলেছে বলে খবর বেঙ্গল এসটিএফ সূত্রে।
আইইডি তৈরিতে সিদ্ধহস্ত, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী শ্রীনগরের চানপুরার বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি এর আগে একাধিকবার বাংলাদেশে গিয়েছে। সূত্রের খবর, লস্কর-ই-তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে এবারও বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদ মুন্সির।
