রাজীবকে সাসপেন্ড করা হোক, সুপ্রিম কোর্টে ইডি

0
99
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আইপ্যাক মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে সংস্থার তরফে পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই এই আর্জি দাখিল করা হয় ইডির পক্ষ থেকে। গত সপ্তাহে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির কলকাতা অফিসে ইডি তল্লাশি অভিযান চালায়। কয়লা কেলেঙ্কারি মামলায় চলা ওই তল্লাশির সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে হাজির হন। তাঁর সঙ্গে ছিলেন দলের শীর্ষস্তরের নেতারা। তাঁরা ইডি অফিসারদের কাজে বাধা দেন বলে অভিযোগ। ‌ 
সুপ্রিম কোর্টে দাখিল করা অভিযোগে ইডি বলেছে, তল্লাশির জায়গায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং কিছু ডকুমেন্ট সরিয়ে নিয়ে যাওয়া সংস্থার কাজে বাধা দেওয়ার শামিল। সুপ্রিম কোর্টে বিচারপতি পিকে মিশ্র ও বিপুল পাঞ্চোলির এজলাসে মামলাটির শুনানি শুরু হয়েছে। এই একই ঘটনা সংক্রান্ত মামলা ইডি এবং তৃণমূল কলকাতা হাইকোর্টে করলে বুধবার তৃণমূলের আবেদন খারিজ হয়ে গিয়েছে।