
স্পেশাল ইনটেনসিভ রিভিশন–এর কাজে নথি যাচাই না করেই তথ্য আপলোডের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের সাসপেনশন।
আর তার পরেই সংবাদমাধ্যমের সামনে এসে নিজেকে কার্যত নির্দোষ দাবি করেছেন ময়নাগুড়ি বিধানসভার এএইআরও ডালিয়া রায়চৌধুরি। তাঁর সাফ কথা, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছেন। কেন সাসপেন্ড করা হল জানেন না। ময়নাগুড়ির ওয়ান ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কর্মরত ছিলেন ডালিয়া। অভিযোগ, এসআইআর–র আওতায় ভোটার সংক্রান্ত নথি যথাযথ যাচাই না করেই আপলোড করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়। এর পর জলপাইগুড়ির জেলাশাসক তাঁকে তলব করেন। সোমবার বিকেলে ময়নাগুড়ির বিডিও শুভ্রজিৎ কুণ্ডুর গাড়িতে করে জেলাশাসকের দফতরে পৌঁছন ডালিয়া।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, তাঁর তরফ থেকে ১০০ শতাংশ দিয়েছেন। তিনি অন্যায় বা ভুল কিছু করেননি। এই মুহূর্তে এর বেশি কিছু বলবেন না।
