
এবার নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে নানাভাবে চাপ তৈরি করা হচ্ছিল।
এবার ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তবে রাজ্যের বাইরে থেকে হিন্দি ভাষায় ফোন করে নানাভাবে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এখানেই না থেমে হুমায়ুন বলেছেন, রাজ্য সরকার হয়তো তাঁর নিরাপত্তা নাও বাড়াতে পারে। তাই জীবন সংশয় ঠেকাতে আদালতেরও দ্বারস্থ হতে পারেন। যদিও হুমায়ুনের এহেন আশঙ্কার বিষয়ে জেলা পুলিশের কাছে কোনও খবর নেই। অন্যদিকে শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন,হুমায়ুনকে ৩ জন দেহরক্ষী দিয়েছে রাজ্য।
তারপরও তাঁর যদি প্রাণ সংশয়ের বিষয় থাকে তাহলে তিনি লিখিতভাবে রাজ্যের কাছে আবেদন করতে পারেন। আসলে খবরে থাকার জন্য হুমায়ুন এসব করছেন।







