
আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। সেই সাসপেনশনের মেয়াদ আরও খানিকটা বৃদ্ধি করা হয়েছে। আরও ১২০ দিন ওই তিন আধিকারিককে নিলম্বিত থাকতে হবে। আর জি করের ঘটনার সময় তাঁদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আর জি করের ফাইল নতুন করে খোলা হয়েছে। ওই সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়ল। এ ছাড়া ডেপুটি কমিশনারের দায়িত্বে ছিলেন অভিষেক গুপ্ত, ডিসি নর্থ এবং ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল। বিজেপি সরকার তিন আইপিএস আধিকারিককেই সাসপেন্ড করে। তাঁদের বিরুদ্ধে আর জি কর পর্বে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। নতুন করে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে তিন জনকে। এ বার তাঁদের সাসপেনশনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। আর জি করের ঘটনায় আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিবিআই।
বিনীত, ইন্দিরা এবং অভিষেককে তারা ডেকে পাঠিয়েছিল। গত মাসেই তাঁরা সিবিআই দফতরে হাজিরা দেন। তাঁদের বয়ান রেকর্ড করেছে সিবিআই।
