
মহারাষ্ট্রের রেভদণ্ডা উপকূলে সন্দেহভাজন নৌকার দেখা মেলায় এখনও পর্যন্ত জারি রয়েছে চূড়ান্ত সতর্কতা। পুলিশ জানিয়েছে, রেভদণ্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটিকে প্রথম দেখতে পান নিরাপত্তা কর্মীরা।
এরপরই বিষটি জানানো হয় স্থানীয় প্রশাসনকে। নৌকায় কী আছে বা কারা আছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা উপকূল জুড়ে বিপল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নজর এড়িয়ে কেউ মল ভূখণ্ডে ঢুকতে না পারে।
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালাতে আজমল কাসভ-সহ আরও ১০ জঙ্গি এসেছিল সমুদ্র পথেই। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মুম্বই উপকূলে একটি নৌকায় চেপে এসেছিল তারা। ২০০৮ সালের ২৬ নভেম্বর তাজ হোটেল-সহ একাধিক জায়গায় হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ১৬৪ জন। আহত হয়েছিলেন কমপক্ষে ৩০৮ জন।








