
যুবভারতীকাণ্ডে গ্রেফতার মেসিকে নিয়ে আসার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। বিধাননগর মহকুমা আদালতের বিচারক শতদ্র-র জামিনের আবেদন খারিজ করে দেন।
যুবভারতীকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। শতদ্রু দত্ত-র বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। লিওনেল মেসি কলকাতা ছাড়তেই শনিবারই গ্রেফতার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। মেসির বিমান হায়দরাবাদের উদ্দেশে উড়ে যেতেই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তিনি মেসিকে ছাড়তে এয়ারপোর্টে গিয়েছিলেন। এর আগে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট করেছিলেন ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। এর কিছুপরেই গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্তকে।
এদিকে রবিবার শতদ্রু দত্তকে আদালতে তোলার সময় বাইরে বিক্ষোভে ফেটে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। চটি হাতে বিক্ষোভ দেখান তাঁরা। শতদ্রুকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়।
