
রাজ্যের চা শ্রমিকদের উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রের চা শ্রমিক উন্নয়ন প্রকল্পই এ বার এ রাজ্যে চালু করা হচ্ছে। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’ (পিএমসিএসপিওয়াই) চালু করা হচ্ছে। তাতে মোট ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে চা শ্রমিকদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিশ্রমী চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদের রাজ্য স্তরের কমিটি পিএমসিএসপিওয়াই চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চা শ্রমিকদের জীবন বদলে দিতে চলেছি। চা শ্রমিকদের উন্নয়ন প্রসঙ্গে শনিবার যে বৈঠক হয়েছে, তার সভাপতিত্বে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
এ ছাড়া, বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব, মহিলা ও শিশু উন্নয়ন দফতরের সচিব, রাজ্য অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের প্রধান সচিব, পিছিয়ে পড়া সম্প্রদায় উন্নয়ন দফতরের সচিব এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডিরেক্টর।
