
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুড়ে মারার অভিযোগে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু সহ সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষকে।
সূত্রে খবর সরস্বতী পুজো নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা। এরপর বিজেপির অন্যন্য বিধায়করাও সরস্বতী পুজো নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন। শুভেন্দু অধিকারী স্পিকার আসনের দিকে এগিয়ে গিয়ে বিধায়কদের দেওয়া হাউজের কাগজ ছিঁড়ে ফেলে, স্পিকারের দিকে ছুড়ে দেন বলে অভিযোগ। এই ঘটনার নিন্দা করে বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রথমার্ধ মুলতুবি হওয়ার আগে স্পিকার জানিয়ে দেন চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে ।শুভেন্দু অধিকারী আচরণ নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাসপেন্ডের ঘটনায় বিজেপির তরফে দাবি করা হয়, শুভেন্দু একাই বিক্ষোভ দেখাচ্ছিলেন। অগ্নিমিত্রা পাল বা বঙ্কিম ঘোষরা চেয়ার থেকে ওঠেননি।
বিধায়ক বিশ্বনাথ কারক নাকি এদিন বিধানসভাতেই উপস্থিত হননি। তাঁকে সাসপেন্ড নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
