
দিল্লি পুলিশকে উস্কানি না দিয়ে সহযোগিতা করুন। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আচার ব্যবহার নিয়ে এমনই পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কোনও খবর রয়েছে। আনসারুল মোল্লার লোকেরা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে, আর যদি পিএফআই সংগঠনের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, তাহলে তারা খোঁজখবর তো রাখবেই। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। শুভেন্দু কড়া ভাষায় বলেছেন, অন্য রাজ্যে বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলের সাংসদরা যে সম্মান পান, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সবাই জানে। গত পাঁচ বছরে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ৮৬টি মিথ্যে মামলা দেওয়া হয়েছে।
১০৪টি কর্মসূচির অনুমতি নিতে হয়েছে হাইকোর্টে গিয়ে এবং সাড়ে ১১ মাস সাসপেন্ড করে বিধানসভা থেকে দূরে রেখেছেন।
