
বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ঘরে ফিরতে কার্যত বিজেপি, তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। শুক্রবার হাওড়ায় পূর্ণম কুমার নামতেই কার্যত তাঁকে ঘিরে নেয় তৃণমূল।
হুডখোলা জিপে পূর্ণমকে নিয়ে মিছিল হয় রিষড়ায়। জিপের পূর্ণমের একপাশে ছিল তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র অন্যপাশে তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইন। সেই ছবি এতটুকুও বদলায় নি শনিবার। সকালেই বিজেপির তিন বিধায়ক বিমান ঘোষ, অম্বিকা রায় এবং সুব্রত ঠাকুর পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছে যান। পূর্ণমকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিএসএফ জওয়ানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পূর্ণমের সঙ্গে দেখা করতে সাউ সদনে যাবেন বলেও জানিয়েছেন। আর সন্ধেয় রিষড়ার বাড়িতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি যে কোনও পরিস্থিতিতে সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ।








